এশিয়া কাপে ছিলেন না জাসপ্রিত বুমরাহ। সেরা পেসারকে হারিয়ে ভারতও ভালো কিছু করতে পারেনি বোলিংয়ে। এবার আরও বড় ধাক্কায় পড়তে হচ্ছে ভারতকে। অক্টোবরের ২২ তারিখ শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে যাচ্ছেন এই পেসার। বুধবার বেঙ্গালুরুতে স্ক্যান করিয়েছেন বুমরাহ। রিপোর্টের জন্য অপেক্ষায় আছেন। তবে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের খবরে বলা হয়েছে, আরও কয়েক মাসের জন্য অনিশ্চিত এই পেসার।
বুমরাহর না থাকা এখনো ঘোষিত হয়নি। তবে বিসিসিআইয়ের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়ে দিয়েছে, ‘নিশ্চিতভাবেই বুমরাহ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারছে না। তার কোমরের ইনজুরির অবস্থা মোটেও ভালো নয়। কোমরের হাড়ে চিড় ধরা পড়েছে, তাই কমপক্ষে ৬ মাস বুমরাহকে পাওয়া যাচ্ছে না।’
ভারতীয় দলে অতিরিক্ত পেসার হিসেবে মোহাম্মদ সামি ও দীপক চাহার আছেন। ১৫ অক্টোবর পর্যন্ত আইসিসির অনুমতি ছাড়াই দলে পরিবর্তন আনতে পারবে সুপার ১২’র দলগুলো। সেদিক থেকে দীপক চাহার বুমরাহর জায়গা পূরণে এগিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে খেলছেন চাহার।