হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর ৯ মাস পর চিফ অব ডিফেন্স স্টাফ বা সামরিক বাহিনীর প্রধান পদে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানের নাম ঘোষণা করেছে ভারত সরকার।
‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ লেফটেন্যান্ট জেনারেল চৌহান এই পদে দায়িত্ব পালন করবেন বলে গত বুধবার এক আদেশে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
অনিল জাতীয় নিরাপত্তা কাউন্সিলে সামরিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এনডিটিভি জানিয়েছে, সামরিক বাহিনীতে চার দশকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে আসা অনিল চৌহানের উত্তর-পূর্ব ভারত এবং জম্মু-কাশ্মীরে সন্ত্রাস দমনে ‘বিশেষজ্ঞ’ হিসেবে পরিচিতি আছে।
২০১৯ সালের সেপ্টেম্বরে ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ হন তিনি। ২০২১ সালের মে মাসে অবসরে যাওয়ার আগ পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন।
১৯৯৯ সালে কার্গিলে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিগুলো চিহ্নিত করতে একটি উচ্চ-পর্যায়ের কমিটি করা হয়েছিল। সেই কমিটির প্রতিবেদনে সামরিক বাহিনীর শীর্ষ একজনকে সকল বাহিনীর মধ্যে সমন্বয় সাধন করার দায়িত্ব অপর্ণের সুপারিশ করা হয়। সুপারিশ অনুযায়ী ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ পদ সৃষ্টির পর ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম সেই পদে আসেন জেনারেল বিপিন রাওয়াত, যিনি তার আগে সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন।
ভারতে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানের মতো চিফ অব ডিফেন্স স্টাফও একজন চার তারকা জেনারেল, তবে জ্যেষ্ঠতার বিচারে তিনিই সবার চেয়ে এগিয়ে।