বেনাপোলে ৭ পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলের অগ্রভুলাট ও দৌলতপুর সীমান্ত এলাকা থেকে সাতটি পিস্তলসহ সম্রাট হোসেন (২৭) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ৩টি বিদেশি নাইন এমএম পিস্তল, ৪টি ওয়ান শুটারগান, ৩টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সম্রাট হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবরে জানতে পারি- ভারত থেকে বিশাল একটি অস্ত্রের চালান অগ্রভুলাট-দৌলতপুর সীমান্ত এলাকায় অবস্থান করছে। এমন খবরে বিজিবির একটি অভিযানিক দল পৃথক দুটি অভিযান চালিয়ে দৌলতপুর সীমান্ত থেকে সম্রাট হোসেন নামে এক যুবকে গ্রেপ্তার করে। পরে তার হাতে থাকা চটের ব্যাগে তল্লাশি করে ২টি (নাইন এমএম) বিদেশি পিস্তল, ২টি দেশি ওয়ান শুটারগান, ২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।

অপরদিকে অগ্রভুলাট সীমান্তে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যায়। সেখান থেকে ১টি (নাইম এমএম) বিদেশি পিস্তল, ২টি দেশি ওয়ান শুটারগান, ১টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, ভারত থেকে এসব অস্ত্র এনে দেশে সন্ত্রাসী কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হচ্ছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেপ্তারকৃত সম্রাট বিজিবির কাছে স্বীকার করেছেন বলে তিনি জানান। গ্রেপ্তারকৃত সম্রাটের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।