সাংবাদিকদের কলম সন্ত্রাসী বললেন ছাত্রলীগ নেতা

গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগের সমাবেশে মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু বলেছেন, কতিপয় কলম সন্ত্রাসী বাংলাদেশ ছাত্রলীগের কোনো ছোট বিষয়ে যখনই সুযোগ পায়, সামান্য বিষয় হলেও ফলাও করে প্রচার করে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্রলীগের নিউজ তৈরি করলে তাদের জনপ্রিয়তা বাড়বে, তাই সাংবাদিকরা সেই দর্শকপ্রিয়তার কথা মাথায় রেখেই লিখে। 

ওই অনুষ্ঠানে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাছির মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।