টাকা দিয়ে ছাড়া পেলেন দুই কৃষক আরেকজন অপহৃত

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে অপহৃত কৃষক নজির আহমদ (৫০) ও তার ছেলে মোহাম্মদ হোসেনকে (২৭) ৬ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে এক দিন পর ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। মুক্তিপণের টাকা দেওয়ার পর গতকাল শনিবার বিকেল ৩টার দিকে পানখালী-বাহারছড়া পাহাড়ি ঢালা নামে পরিচিত এলাকা দিয়ে বাড়ি ফেরেন বাবা-ছেলে। তাদের প্রতিবেশী ও স্বজনরা মুক্তিপণ দেওয়ার বিষয়টি জানালেও এ ব্যাপারে মুখ খুলছেন না অপহৃতরা।

এদিকে গতকাল টেকনাফের হ্নীলা ইউনিয়নের মরিচ্যা ঘোনা পেয়ারা বাগান এলাকা থেকে মোহাম্মদ শফিক (৩০) নামে আরেকজনকে পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার ভোরে হ্নীলা ইউনিয়নের পানখালী গ্রামের কৃষক নজির আহমদ ও তার ছেলে মোহাম্মদ হোসেনসহ পাঁচজনকে মরিচ্যাঘোনা এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায় রোহিঙ্গা ও স্থানীয় সন্ত্রাসীরা। পরে তিনজন আহত অবস্থায় পালিয়ে আসতে সক্ষম হলেও বাবা-ছেলেকে নিয়ে পাহাড়ের দিকে চলে যায় অপহরণকারীরা।

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, স্থানীয় লোকজন থেকে শুনেছি অপহৃত কৃষক ও তার ছেলে ফিরে এসেছে। তবে মুক্তিপণের বিষয়টি আমাকে কেউ বলেনি।

আরেকজনকে অপহরণ : গতকাল সকাল ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা পেয়ারা বাগান এলাকা থেকে মোহাম্মদ শফিক (৩০) নামে একজনকে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসীরা। অপহৃত শফিক একই ইউনিয়নের মৃত আবদুল গফুরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। অপহরণের শিকার শফিককে উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।