চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাসের সঙ্গে চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে।
রোববার (২ অক্টোবর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি ফরেস্ট অফিসের সামনে এঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মুন্সিগঞ্জ থেকে আসা ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের আনন্দ ভ্রমণ শেষে রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাওয়ার উদ্দেশে সকালে ফিরছিল বাসটি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারেক জানান, সকাল ৭টার দিকে ঠান্ডাছড়ি ফরেস্ট অফিসের সামনে পাইন-বাগান কাউখালী এলাকায় রাঙামাটি থেকে চট্টগ্রামমুখী বাসের সঙ্গে চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন।
রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব আলম মিল্কি জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে উদ্ধার কাজের জন্য পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।