বেলকুচিতে ২ ছেলেসহ মা খুন: খুনি গ্রেপ্তার

সিরাজগঞ্জের বেলকুচিতে ২ ছেলেসহ মা খুনের ঘটনার রহস্যের জট খুলেছে। ইতোমধ্যে উল্লাপাড়া থেকে হত্যাকাণ্ডে জড়িত আইয়ুব আলী ওরফে সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, ১ অক্টোবর শনিবার জেলার বেলকুচির মবুপুর গ্রাম থেকে মা ও ২ ছেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হলেও কোনো ক্লু ছিল না। পরবর্তীতে নানা প্রযুক্তি কাজে লাগিয়ে খুনিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার সাগরের জবানবন্দি অনুযায়ী, তিনি পেশায় একজন তাঁত শ্রমিক। ঋনগ্রস্ত হওয়ার কারণে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ঋণের কিস্তির টাকা সংগ্রহের জন্য ২৬ সেপ্টেম্বর সৎ খালা রওশন আরার বাড়িতে যান। কিন্তু টাকা না পেয়ে ফেরত আসেন। পরবর্তীতে তিনি ঋণ পরিশোধ করার জন্য চুরির উদ্দেশ্যে ২৮ সেপ্টেম্বর খালার বাড়িতে আসে। এবং রাতে খাবার খেয়ে একসাথে ঘুমিয়ে পড়ে।

পরে রাত গভীর হলে খালার কাছ থেকে চাবি চুরি করে ট্র্যাংকের ভেতর থেকে টাকা ও সোনা খোঁজাখুঁজি করতে থাকে। এ সময় খালা রওশন আরা জেগে উঠলে শিল দিয়ে বুকে আঘাত করে। পরে শ্বাসরোধ করে, মৃত্যু নিশ্চিত করে। এ সময় রওশন আরার ছোট ছেলে মাহিন (৩) কান্নাকাটি করলে তারও গলা টিপে হত্যা করে। পরে আরেক ছেলে সাজিদ (১০) ঘুম থেকে উঠে গেলে তাকে গলা টিপে হত্যা করে।

ভোরের আলো ফুটলে ঘরে সিটকিনি দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর তিন দিন অতিবাহিত হওয়ার পর ১ অক্টোবর ঘটনা জানাজানি হলে পুলিশ মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের সাথে জড়িত আইয়ুব আলী সাগরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।