বিবর্তন গবেষণায় চিকিৎসার নোবেল সোয়ান্তে প্যাবোর

মানুষের পূর্ববর্তী হোমিনিন ও আধুনিক মানুষের পূর্বসূরি নিয়ানডারথালদের জিনোম সিকোয়েন্স বা পরম্পরা উদঘাটন নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনবিজ্ঞানী সোয়ান্তে প্যাবো।

সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট গতকাল সোমবার ২০২২ সালে চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে। পুরস্কারের অর্থমূল্য বাবদ তিনি পাবেন এক কোটি সুইডিশ ক্রোনার। নোবেল পুরস্কারের ওয়েবসাইটের বিবৃতি বলছে, জিনোম সিকোয়েন্সের মাধ্যমে মানবজাতির বিবর্তন পরম্পরা নির্ণয়ের অসাধ্য সাধন করেছেন সোয়ান্তে। হোমোস্যাপিয়েন্স বা মানবজাতির পূর্ববর্তী এক অচেনা হোমিনিন প্রজাতি ‘ডেনিসোভা’ আবিষ্কার তার আরেক চমক।  তিনি গবেষণায় দেখিয়েছেন যে প্রায় ৭০ হাজার বছর আগে আফ্রিকা থেকে আদিম মানবরা গোটা বিশে^ ছড়িয়ে যাওয়ার মাধ্যমে বিলুপ্ত হোমিনিনদের জিন প্রবাহিত হয়েছে হোমোস্যাপিয়েন্স বা মানুষের মধ্যে। আদিম এই জিনপ্রবাহ আধুনিক মানুষের শরীরেও আছে। এই ধারা এখনকার মানুষের দেহের রোগ প্রতিরোধব্যবস্থা এবং সংক্রমণ বোঝার জন্য গুরুত্বপূর্ণ।

এর আগে গত বছর তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কারের গবেষণায় চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পান লেবানিজ বংশোদ্ভূত আমেরিকান বিজ্ঞানী আর্ডেম পাতাপুতিয়ান এবং আরেক আমেরিকান বিজ্ঞানী ডেভিড জুলিয়াস। 

নোবেল কমিটির তথ্যানুযায়ী, প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। সেই হিসাবে গতকাল সোমবার শুরু হলো এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণার পালা। প্রথম দিন ঘোষণা করা হলো চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম; যা ১০ অক্টোবর (সোমবার) অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে।  প্রতি বছর চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিÑএ ছয় শাখায় নোবেল দেওয়া হয়। 

এ বছর নোবেল ফাউন্ডেশন ২০২২ সালের বিজয়ীদের সঙ্গে ২০২০ ও ২০২১ সালের বিজয়ীদেরও আগামী ডিসেম্বরে সুইডেনের স্টকহোমে নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।

আজ মঙ্গলবার ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম। পরের দিন ঘোষণা করে হবে রসায়নে নোবেল বিজয়ীর নাম। এরপর যথাক্রমে ৬ অক্টোবর ঘোষণা করা হবে সাহিত্যে ও ৭ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম। মাঝে শনি ও রবিবার বিরতি দিয়ে আগামী সোমবার শেষ দিন ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।