মিয়ানমার সীমান্তে বিজিবি সদস্য বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মিয়ানমারের ঘটনা আপনারা সবাই জানেন। এটা তাদের অভ্যন্তরীণ যুদ্ধ। এখন আমরা যতটুকু জানি, আমাদের সীমান্তের কাছে আরাকান আর্মি নামে একটি গ্রুপ যুদ্ধ করছে। তাদের কোনো গ্রুপ যাতে বাংলাদেশের সীমান্তে না আসতে পারে, সেজন্য বিজিবির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ১ম ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হিন্দুসম্প্রদায়ের পূজা এটা হাজার বছরের কৃষ্টি। আমরা মিলে-মিশে আছি, মিলেমিশে চলছি। কোনো কোনো জায়গায় বিগত সময় একটা অস্থির পরিবেশ সৃষ্টির করার জন্য প্রচেষ্টা নিয়েছিল। আমরা এবার সেটা মাথায় রেখে নিরাপত্তা জোরদার করেছি। আমরা জানি, এখানে কিছুই হবে না। 

তিনি বলেন, সারা দেশের সমতল এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ ও মাদক নিয়ন্ত্রণে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। আপনাদের অংশগ্রহণ ও সহযোগিতায় আইন-শৃঙ্খলা, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়নসহ অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে দেশ উল্লেখযোগ্য সাফল্য ও উন্নতি অর্জন করে যাচ্ছে। এ বাহিনীর সদস্যরা জাতীয় সংসদ ভবন, বিমানবন্দর, সমুদ্রবন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, হাসপাতাল, হোটেল, ইপিজেটসহ পাঁচ হাজারেরও অধিক প্রতিষ্ঠানে নিরাপত্তায় ৫৪ হাজারেরও বেশি আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

এর আগে সকাল ১০টার দিকে খোলা জিপে প্যারেট পরিদর্শন ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পরে প্রশিক্ষণার্থীর মধ্যে ড্রিল-এ শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জনকারী মো. রফিকুল ইসলাম হৃদয়, ফায়ারিং-এ সেরা মো. নূরুল ইসলাম, চৌকস প্রশিক্ষণার্থীর মো. আকরাম হোসেনকে পুরস্কার প্রদান করেন।