কেন্দ্রীয় কৃষকলীগ থেকে ঢাকা জেলা দক্ষিণ কৃষকলীগের আঞ্চলিক উপ-কমিটির আহ্বায়ক করা হয় ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়ন পাড়াগ্রামের বাসিন্দা মোহাম্মদ আবুল হোসেনকে। কিন্তু তিনি পদ পেয়ে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় অযোগ্যদের নিয়ে কমিটি গঠন, দলের সাংগঠনিক কার্যক্রমে অব্যবস্থাপনাসহ নানা অভিযোগ ওঠায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার রাতে বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি (এমপি)’র স্বাক্ষরিত এক চিঠিতে আবুল হোসেনকে তার পদ থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
নবাবগঞ্জ উপজেলা কৃষকলীগের সাবেক জ্যেষ্ঠ নেতারা অভিযোগ করে বলেন, আবুল হোসেন ঢাকা জেলা দক্ষিণ কৃষকলীগের আঞ্চলিক উপ-কমিটির আহ্বায়ক হওয়ার পর থেকে দোহার, নবাবগঞ্জ সহ ঢাকা জেলার কৃষক লীগের সংগঠনটাকে নষ্ট করে ফেলেছে। অযোগ্য লোকদের দিয়ে কমিটি করে দলের ত্যাগী ও সিনিয়রদের দুরে ঠেলে দিয়েছে।
উল্লেখ্য, নিজের লোক দিয়ে দোহার ও নবাবগঞ্জে কৃষক লীগের আহ্বায়ক কমিটি গঠন করায় ওই সময় তার বিরুদ্ধে কৃষকলীগের একটি বড় অংশ ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন।
এ বিষয়ে জানতে আবুল হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।