পিটকে ধুয়ে দিলেন কথিত প্রেমিকা

গত সেপ্টেম্বরে স্বামীর সঙ্গে মডেল-অভিনেত্রী এমিলি রাতাজকাওস্কির বিচ্ছেদ হয়ে গেছে। তার আগে থেকেই হলিউডের প্রখ্যাত তারকা ব্র্যাড পিটের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। দুই তারকার কেউ যদিও স্বীকার করেননি, তবে তাদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দুজনের কেউই এখনো সিরিয়াস নন, শুধু একে অন্যের সান্নিধ্যে সময় কাটাচ্ছেন। এই যখন অবস্থা, তখনই কথিত প্রেমিক প্রযোজিত ছবিকে একহাত নিলেন অভিনেত্রী। ঘটনার সূত্রপাত মেরিলিন মনরোর বায়োপিক ‘ব্লন্ড’ নিয়ে। গত মাসে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ছবিটি। ‘ব্লন্ড’-এর অন্যতম প্রযোজক ব্র্যাড পিট। ছবিটির বিরুদ্ধে নারীদের যন্ত্রণাকে আবেদনময়ীভাবে তুলে ধরা হয়েছে বলে মন্তব্য করেছেন এই সুপার মডেল। গত শুক্রবার এক ভিডিও বার্তায় রাতাজকাওস্কি বলেন, ‘আরেকটি সিনেমায় নারীদের যন্ত্রণাকে এমনকি তার মৃত্যুকেও আবেদনময়ীভাবে তুলে ধরা হয়েছে এটা জেনে আমি বিস্মিত নই। এটা আমরা নানাভাবে বারবারই করেছি কিন্তু আমি এটার বদল চাই। আমরা নারীদের যন্ত্রণাকাতর হিসেবে দেখাতে পছন্দ করি। একজন নারী হিসেবে আমি নিজের কথাও বলতে পারি কীভাবে নিজের যন্ত্রণাকে আবেদনময়ীভাবে তুলে ধরতে হয় সেটা শিখে গেছি।’ গণমাধ্যমে মনরোকে যেভাবে তুলে ধারা হয় তার কঠোর সমালোচনা করে রাতাজকাওস্কি আরও বলেন, ‘এমি ওয়াইনহাউজকে দেখুন, ব্রিটনি স্পিয়ার্সকে দেখুন, ভাবুন প্রিন্সেস ডায়ানার মৃত্যু নিয়ে আমরা কতটা আগ্রহী।’