তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ। ১৪ অক্টোবর তার সফরে আসার কথা রয়েছে। এটিই হবে ব্রুনাইয়ের সুলতানের প্রথম বাংলাদেশ সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানান।
এ কর্মকর্তা জানান, সফরকালে দুই দেশের মধ্যে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে রয়েছে অভিবাসন, জ¦ালানি সহযোগিতা এবং দুই দেশের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ।
তিনি আরও জানান, ব্রুনাইয়ের সুলতান দেশে আসার পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। একই দিনে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তার সম্মানে রাষ্ট্রপতির দেওয়া এক নৈশভোজে যোগ দেবেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে ব্রুনাই সফর করেন। ওই সময় দুই দেশের মধ্যে কৃষি ও মৎস্য খাতে সহযোগিতায় দুটি সমঝোতা স্মারক সই হয়েছিল। এবার সেসব বিষয়ের কার্যকারিতা নিয়ে আলোচনা হতে পারে।