সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে চীন আন্তরিক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের যথেষ্ট আগ্রহ রয়েছে এবং তারা আন্তরিক। চীন সব সময়ই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপান সফর শেষে গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফর প্রসঙ্গে ড. মোমেন বলেন, ‘জাতিসংঘে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে এবং বিভিন্ন বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে এই সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে সব দেশ ঐকমত্য। আমরা শান্তির কথা বলেছি। সব দেশ শান্তির পক্ষেই কথা বলেছে। সংকট সমাধানে আমরা আমাদের করণীয় করে যাচ্ছি।’

মিয়ানমারের উসকানিতে বাংলাদেশ পা দেবে না উল্লেখ করে ড. মোমেন বলেন, ‘জাতিসংঘ ইদানীং অনেক দুর্বল হয়ে গেছে। বিভিন্ন দেশে তারা যুদ্ধ থামাতে পারছে না এবং সুবিধাও করতে পারছে না।’ তিনি বলেন, ‘মানবাধিকার প্রশ্নে আমরা অত্যন্ত সোচ্চার। বহু দেশের তুলনায় আমাদের মানবাধিকার সমুন্নত। আমরা মানবাধিকার নিয়ে যে প্রতিবেদন জমা দিয়েছি, সেটা তারা (জাতিসংঘ) পছন্দ করেছে। তারা যাদের গুমের কথা বলছে, দেখা গেছে তারা ভারতের জেলে আছে। জাতিসংঘের দেওয়া গুমের তথ্য ভুল, এই ভুলটা দুঃখজনক।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে সদস্য পদে আমরা আগের মতো এবারও প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের প্রস্তুতি খুব ভালো। জয়ী হব বলে আমার বিশ^াস। কারণ, পৃথিবীতে মানবাধিকার প্রশ্নে আমরা একটি সোচ্চার দেশ।’

র‌্যাবের সংস্কার প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য তার (রাষ্ট্রদূত) নিজস্ব বলেও মন্তব্য করেন ড. মোমেন। একই সঙ্গে তিনি বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমরা আমাদের ইস্যুগুলো তুলে ধরেছি। আমরা সব প্রক্রিয়াই গুরুত্বের সঙ্গে নিচ্ছি।’ আগামী মাসের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।