সংবাদ সম্মেলন

২ ছাত্রনেতার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ছাত্রনেতার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে। শহরের মধ্যপাড়ার শান্তিবাগ এলাকাবাসী ও যুব পঞ্চায়েত কমিটির ব্যানারে গতকাল বুধবার দুপুরে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুব পঞ্চায়েত কমিটির অর্থ সম্পাদক ইলিয়াছ চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি বলেন, শান্তিবাগ এলাকাকে মাদকের অভয়ারণ্যে পরিণত করেছে বর্তমান জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান হৃদয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী হাসান লেলিনের নেতৃত্বে একটি চক্র। এতে করে এলাকার উঠতি বয়সের যুবসমাজ বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

তবে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান হৃদয় মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বাবা মারা যাওয়ার পর থেকেই আমাদের ভিটি দখলের চেষ্টা করছে তারা। এখনো তারা অপপ্রচার চালানোসহ নানাভাবে চেষ্টা করছে। তারা হামলা চালিয়ে, কুপিয়ে আমাকে গুরুতর জখম করেছে। আমি ঢাকায় চিকিৎসাধীন। আমাদের করা মামলা তুলে নিতে তারা চাপ-হুমকি দিয়েই যাচ্ছে।’