ক্লিক রসায়নে অবদান রেখে ৩ বিজ্ঞানীর নোবেল

রসায়নকে কার্যকারিতার যুগে নিয়ে আসা ও ক্লিক রসায়নের ভিত্তি স্থাপনের স্বীকৃতি হিসেবে এ বছর রসায়নে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী ক্যারোলিন আর. বারতোজ্জি, কে. ব্যারি শার্পলেস এবং ডেনমার্কের মর্টেন মেলডাল। তাদের মধ্যে শার্পলেস ২০০১ সালে রসায়নে নোবেল পেয়েছিলেন। তিনি নোবেলের ইতিহাসে দ্বিতীয় বিজ্ঞানী হিসেবে দুবার রসায়নে এই সম্মাননা পেলেন।

গতকাল বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস রসায়নে ২০২২ সালে নোবেল বিজয়ী হিসেবে এ তিনজনের নাম ঘোষণা করে। পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনার (প্রায় ১০ লাখ ডলার) সমানভাবে ভাগ করে পাবেন এই তিন বিজ্ঞানী।

নোবেল কমিটি জানায়, ক্লিক রসায়ন ও বায়োঅর্থোগোনাল রসায়নে অবদান রাখায় তাদের রসায়নে এ বছরের নোবেল দেওয়া হলো। ‘ক্লিক কেমিস্ট্রি’সংক্রান্ত তাদের গবেষণা আগামী দিনে ওষুধশিল্পকে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করে কমিটি ।

১৯০১ থেকে শুরু করে এখন পর্যন্ত রসায়নে মোট ১১৬ জন নোবেল পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাতজন নারী বিজ্ঞানী।

নোবেল কমিটির তথ্যানুযায়ী, প্রতিবছরের অক্টোবরের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। সেই হিসেবে গত সোমবার শুরু হয় এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণার পালা। আজ বৃহস্পতিবার সাহিত্যে এবং আগামীকাল শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। মাঝে শনি ও রবিবার বিরতি দিয়ে আগামী সোমবার শেষদিন ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।