মুন্সীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুরে কোমল পানীয়বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশার উপর পড়লে এক যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মুক্তারপুর এলাকার ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

সদর ট্রাফিকের ইনচার্জ বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে কোমল পানীয় বোঝাই একটি ট্রাক মুন্সীগঞ্জ শহরে আসছিল। পথিমধ্যে মুক্তারপুর এলাকার সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সেখানে থাকা সিএনজিচালিত দুটি অটোরিকশার উপর উল্টে পড়ে।

এতে অটোরিকশা দুটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে একটি অটোরিকশার ভেতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় জানা যায়নি। ট্রাফিক পুলিশ ট্রাকটি আটক করেছে।