সাহস ও তীক্ষ্ন লেখনীর মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শেকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত অবদমন উন্মোচন করায় এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফরাসি লেখক অ্যানি এর্নো।
গতকাল বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ী ১১৯তম লেখক হিসেবে ৮২ বছর বয়সী এ সাহিত্যিকের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি।
নোবেল কমিটি তাদের ঘোষণায় বলেছে, ফরাসি এই লেখককে এ পুরস্কার দেওয়া হয়েছে তার ৪০ বছরের ‘আপসহীন’ লেখার জন্য, যেখানে জেন্ডার, ভাষা ও শ্রেণিগত কারণে বিপুল বৈষম্যের শিকার হওয়া জীবনকে তিনি তুলে ধরেছেন। এই সাহিত্যিককে এ জন্য এক দীর্ঘ ও কঠিন পথে হাঁটতে হয়েছে।
নোবেল জয়ের পর ফরাসি এই লেখক বলেছেন, লেখালেখি একটি রাজনৈতিক কাজ; যা সামাজিক বৈষম্যের বিরুদ্ধে আমাদের চোখ খুলে দেয়। যে কারণে আমি ভাষাকে ‘ছুরি’ হিসেবে ব্যবহার করি। তার মতে, এ ছুরি কল্পনার আবরণ ছিঁড়ে ফেলে।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, নরম্যান্ডির একটি নিম্নবিত্ত পরিবারে জন্ম নেওয়া এর্নোকে তার আত্মজীবনীমূলক ঘরানার ‘আ উইমেনস স্টোরি’, ‘আ মেনস প্লেস’ ও ‘সিম্পল প্যাশন’ বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। ‘দ্য ইয়ারস’-এর জন্য ২০১৯ সালে তিনি বুকার পুরস্কারও পান।
ফরাসি এই লেখকের অধিকাংশ লেখার সঙ্গে সমাজবিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি অত্যন্ত সাবলীলভাবে ফুটে ওঠে। ২০টিরও বেশি বই লিখেছেন এই সাহিত্যিক, যার অনেকই কয়েক দশক ধরে ফ্রান্সে স্কুলের পাঠ্যবইয়ের তালিকায় রয়েছে। অ্যানি এর্নো তার বইয়ে আধুনিক ফ্রান্সের সামাজিক জীবনের সবচেয়ে সূক্ষ্ম, অন্তর্দৃষ্টিমূলক ধারণা ফুটিয়ে তুলেছেন সাবলীলভাবে। নিম্নবিত্ত পরিবার থেকে সাহিত্যের অভিজাত শ্রেণির কাতারে নিজেকে নেওয়া অ্যানি ফরাসি সামাজিক কাঠামো আর নিজের জটিল সব আবেগের ওপর সমালোচনামূলক দৃষ্টি নিক্ষেপ করেছেন অত্যন্ত সুচারুভাবে।
১৯৪০ সালের ১ সেপ্টেম্বর ফ্রান্সের নরম্যান্ডিতে জন্মগ্রহণ করেন ফরাসি এই সাহিত্যের অধ্যাপক। ইউনিভার্সিটি অব রুয়েন নরম্যান্ডি মন্ট-সেইন্ট-অ্যাগনান ক্যাম্পাস থেকে পড়াশোনা করেন তিনি।
পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনার (প্রায় ১০ লাখ ডলার) পাবেন এর্নো। এর আগে ২০২১ সাহিত্যে নোবেল জিতেছিলেন তানজানিয়ার ঔপন্যাসিক আবদুলরাজাক গুর্নাহ। প্যারাডাইস নামে তার চতুর্থ উপন্যাসের জন্য এ সম্মাননা পান তিনি।
নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তার ইচ্ছা অনুসারে প্রতি বছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।
নোবেল কমিটির তথ্যানুযায়ী, প্রতি বছরের অক্টোবরের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। সেই হিসেবে গত সোমবার শুরু হয় এবারের বিজয়ীদের নাম ঘোষণা। আজ শুক্রবার ঘোষণা করা হবে শান্তিতে নোবেল বিজয়ীদের নাম। মাঝে শনি ও রবি বিরতি দিয়ে আগামী সোমবার শেষ দিন ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।