পশ্চিমবঙ্গে প্রতিমা বিসর্জনের সময় ৮ মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাঞ্চলে দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়ার সময় হড়কা বানে ভেসে গিয়ে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। গত বুধবার বিজয়া দশমীর দিন রাতে জলপাইগুড়ি জেলার মালবাজারের পাশে মাল নদীতে এ ঘটনা ঘটে। ভারতীয় গণমধ্যমের খবর, আরও বহু মানুষ নিখোঁজ রয়েছে।

এনডিটিভি জানিয়েছে, মৃতদের মধ্যে একটি শিশু ও চারজন নারী রয়েছে বলে জলপাইগুড়ি জেলা প্রশাসন জানিয়েছে। এ ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট মৌমিতা গোদারা বলেন, হঠাৎ হড়কা বান নেমে আসে আর লোকজন ভেসে যায়। এ পর্যন্ত আটটি মৃতদেহ ও প্রায় ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও স্থানীয় প্রশাসন তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা এ ঘটনার কয়েকটি ভিডিওতে দেখা গেছে, লোকজন নদীর তীব্র স্রোত ঠেলে তীরে ফেরার চেষ্টা করছে, অনেকে ভেসে যাচ্ছে, কেউ কেউ কিছু একটা ধরে নিজেকে রক্ষার চেষ্টা করছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী ও স্থানীয় এমএলএ বুলু চিক বারাইক।

এনডিটিভিকে তিনি বলেন, ঘটনাটি যখন ঘটে তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। বেশ কিছু লোক ভেসে যায় আর নদীর স্রোত অত্যন্ত তীব্র ছিল। এ ঘটনার সময় সেখানে শত শত লোক উপস্থিত ছিল। অনেকে এখনো নিখোঁজ রয়েছে।

আনন্দবাজার অনলাইন জানিয়েছে, বৃষ্টির কারণে সারা রাত ও বৃহস্পতিবার সকালে উদ্ধারকাজ বন্ধ ছিল, পরে বৃষ্টি কমলে আবার শুরু হয়।