‘বিউটি সার্কাস’ দেখে মুগ্ধ দীপু মনি

প্রশংসায় সিক্ত হচ্ছে মাহমুদ দিদার নির্মিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ‘বিউটি সার্কাস’ উপভোগ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম. পি.। ‘বিউটি সার্কাস’ দেখার পর সাংবাদিকদের কাছে চলচ্চিত্রের প্রশংসা করেন তিনিও। দীপু মনি বলেন, ‘বিউটি সার্কাস রুদ্ধশ্বাসে দেখে ফেলার মতো সিনেমা।’ তিনি আরো বলেন, ‘বিউটি সার্কাসের বিউটি নারী শক্তির প্রতীক, সাহসের প্রতীক এবং আমাদের মুক্তিযুদ্ধের সেই চেতনারও প্রতীক। সাম্প্রদায়িকতার সবচাইতে বড় শিকার হয় নারী এবং বিউটি সার্কাসে প্রতিবাদী যে চরিত্রটি সেটিও নারী। বিউটি সার্কাস সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা উল্লেখযোগ্য প্রতিবাদ।’
এ সময় চলচ্চিত্রটির পরিচালক মাহমুদ দিদার, চিত্রনায়ক ফেরদৌস, বরেণ্য চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানসহ চলচ্চিত্রের কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
এদিকে দর্শকের আগ্রহ জাগানিয়া চলচ্চিত্রটি মুক্তির দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে প্রেক্ষাগৃহ থেকে পেল ছুটি। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে এক সপ্তাহ বিরতিতে ফের প্রেক্ষাগৃহে দেখা যাবে চলচ্চিত্রটি। নির্মাতা মাহমুদ দিদার ও চলচ্চিত্রটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করা জয়া আহসান ও ফেরদৌস আহমেদ বরাবরই চলচ্চিত্রটির মুক্তি, এর প্রদর্শনে বাধা হয়ে দাঁড়ানো এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে বক্তব্য রেখে আসছেন। 
সম্প্রতি হল পরিদর্শন শেষে চিত্রনায়ক ফেরদৌস বলেছেন, ‘কোন শক্তি দিয়েই ভালো চলচ্চিত্রকে দাবায়ে রাখা যায় না। বিউটি সার্কাসকেও দাবায়ে রাখা যাবে না।’ সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র চলচ্চিত্রটি গত ২৩ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পায়।