ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর প্রতিষ্ঠানে দুর্বৃত্তের আগুন

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার নারিককেলবাড়িয়া বাজারে সৃজনী এনজিও অফিসে এ ঘটনা ঘটে।

সৃজনী এনজিওর নারিকেলবাড়িয়া বাজার শাখার ম্যানেজার কামাল পারভেজ বলেন, ‘আমার অফিসে রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতনামা চার-পাঁচজন এসে বিভিন্ন হুমকি দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, আসন্ন জেলাপরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী সৃজনী বাংলাদেশের চেয়ারম্যান হারুন অর রশিদ (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন (চশমা) প্রতীকের প্রার্থী কনক কান্তি দাসের সঙ্গে। এরই জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি। ইতিপূর্বে (চশমা) প্রতীকের লোকজন আনারস প্রতীকের বেশ কয়েকজন সমর্থককে মারধর করে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। তবে কনক কান্তি দাস বলেন, তার কোনো লোক এ ঘটনায় জড়িত নয়।

নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বিল্লাল হোসেন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সৃজনী অফিসের প্রধান ফটকে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় আশপাশের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আমি রাতেই ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন হবে।