সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

বৈশ্বিক খাদ্যসংকটে আমাদের দুশ্চিন্তার কারণ নেই

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আগামীতে বৈশ্বিক খাদ্যসংকটের আশঙ্কা থাকলেও আমাদের দুশ্চিন্তার তেমন কোনো কারণ নেই। আমাদেরকে যেটা করতে হবে তা হলো উৎপাদন বাড়াতে হবে। এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত রাখতে চায়। খাদ্য ম্যানেজ করতে পারলে, অন্য কিছুও ম্যানেজ করা সম্ভব।

গতকাল শুক্রবার বিকেলে সিলেটে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিশ্বব্যাংক বলেছে আমাদের জিডিপি খুব ভালো। বিশ্বের অন্যান্য দেশের জিডিপি যেখানে ৩ পার্সেন্টের মতো, সেখানে আমাদের ৬-এর ওপরে। বাংলাদেশ সবসময় বাস্তবতার নিরিখে কাজ করে, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই।’ এর আগে মন্ত্রী সিলেটের আম্বরখানা-টুকেরবাজার সড়ক সংস্কারকাজের উদ্বোধনকালে বলেন, ‘৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ সড়কটির কাজের উদ্বোধন করা হয়েছে। আশা করি কয়েক মাসের মধ্যে কাজ শেষ হবে এবং মানুষের কষ্ট দূর হবে। রাস্তার স্থায়িত্ব ধরে রাখতে আমরা আরসিসি ঢালাই দিয়ে এ রাস্তার কাজ করছি। ইতিমধ্যে এক অংশের কাজ শুরু হয়েছে। বাকি অংশের কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে। ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা, সে ব্যাপারে সবাইকে নজরদারি করতে হবে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রমুখ।