ডিএসইতে গড় লেনদেন কমেছে ১০.৭%

সূচকের ঊর্ধ্বগতিতে লেনলেন শেষ হলেও গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার কেনাবেচার পরিমাণ কমেছে। গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন হয়েছে ১ হাজার ৩১৯ কোটি টাকা, যা আগের সপ্তাহের চেয়ে ৯ দশমিক ৭ শতাংশ কম। তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ৫৬ পয়েন্ট বাড়লেও লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ার বেঁধে দেওয়া সর্বনিম্ন দরে রয়েছে।

পর্যালোচনায় দেখা গেছে, গত দুই সপ্তাহের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন ধারাবাহিকভাবে কমছে। গত ২০ সেপ্টেম্বর ডিএসইতে কেনাবেচা হয় ২ হাজার ৮৩২ কোটি টাকা। এরপর ধারাবাহিকভাবে লেনদেন কমে গত ৬ অক্টোবর শেয়ার কেনাবেচা নেমে এসেছে ১ হাজার ১৬৯ কোটি টাকায়। তবে লেনদেন কমলেও ডিএসইতে এখনো আধিপত্য রয়েছে বেক্সিমকো ও ওরিয়ন গ্রুপের। এ দুই গ্রুপের কোম্পানিগুলো লেনদেনের শীর্ষস্থান দখল করে আছে।

গত সপ্তাহে ডিএসইতে কেনাবেচা হওয়া ৩৮৭টি সিকিউরিটিজের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৯৪টির ও অপরিবর্তিত রয়েছে ১৯২টির। খাতওয়ারি পর্যালোচনায় দেখা যায়, ওরিয়ন ফার্মা ও বেক্সিমকো ফার্মার কল্যাণে ওষুধ খাতে কেনাবেচা হয়েছে ডিএসইর মোট লেনদেনের ১৯ শতাংশ। এছাড়া গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৮ শতাংশ প্রকৌশল খাতে ও ১৫ শতাংশ বিবিধ খাতে কেনাবেচা হয়েছে।