পাকিস্তানের বিপক্ষে হারের পর ত্রিদেশীয় সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশন নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। তবে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটারদের হতশ্রী পারফরম্যান্সে শুরুতেই মুখ থুবড়ে পড়েছে। কিউইদের মাত্র ১৩৮ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ তিন পরিবর্তন নিয়ে। শুরুতেই মেহেদী হাসান মিরাজের উইকেট হারায় বাংলাদেশ। দলে ফেরা নাজমুল হোসেন শান্ত দারুণ ব্যাট চালাতে থাকেন। লিটনকে সঙ্গে নিয়ে ৩৯ রানের জুটি গড়েছিলেন। তবে সেটা দীর্ঘ করতে পারেননি। তিনে নেমে মাত্র ১৫ রান করেই ফিরে গেছেন লিটন।
লিটনের বিদায়ের পর বেশিক্ষণ স্থায়ী হয়নি শান্তর ইনিংসও। ফিরে গেছেন ৩৩ রান করে। ২৯ বলে চার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি। আফিফ হোসেন ২৬ বলে খেলেন ২৪ রানের ইনিংস। দলে ফেরা অধিনায়ক সাকিব আল হাসান করেন মাত্র ১৬ রান। হতাশ করেছেন আগের ম্যাচে ২১ বলে ৪২ রান করা ইয়াসির রাব্বিও। তিনি ফিরে গেছেন আজ মাত্র ৭ রান করে।
তবে শেষ দিকে উইকেট রক্ষক সোহান ১২ বলে ২৫ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। যা সাজানো ছিল ১ চার ও ২ ছক্কায়। তাতে ১৩৭ রানে থামে টাইগারদের ইনিংস।
কিউইদের হয়ে ট্রেন্ট বোল্ট, টিম সাউথি, মাইকেল ব্রেসওয়েল ও ইশ সোধী দুটি করে উইকেট নিয়েছেন।