বাংলাবান্ধা বন্দরে ১০ দিন পর আমদানি-রপ্তানি শুরু

ঈদে মিলাদুন্নবী, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক সরকারি ছুটিসহ টানা ১০ দিন বন্ধের পর দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদর-ই খুদা মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকাল থেকে স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, টানা ১০ দিন বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।