লংকানদের বিপক্ষে বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশের জয়

খেলা শেষ হতে শ্রীলংকার কাছে ১২ বল বাকি। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ১৪ রান। হাতে ছিল ৮ উইকেট। প্রথম বলেই ডিপ মিডউইকেট দিয়ে মারতে গিয়ে আউট রুমানা আহমেদ। পরের বলের এক রান এলেও তৃতীয় বলে ফের উইকেট। ষষ্ঠ ওভারে চার ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শেষ ওভারের সমীকরণ হয় আরও কঠিন। যা আর মিলাতে পারেননি সালমা খাতুনরা।   

বৃষ্টিতে খেলা নেমে আসে ৭ ওভারে। টাইগ্রেসদের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪১ রানে। তাতেও বেশ বেগ পেতে হয়েছে বাংলাদেশকে। শেষ দুই ওভারে নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশ নারী ক্রিকেট দল লংকানদের কাছে হেরে গেছে ৩ রানে।

টস হেরে আগে ব্যাট করতে নামা শ্রীলংকা ১৮ ওভার ব্যাট করে ৫ উইকেটে ৮৩ রান তুলতেই নেমে আসে বৃষ্টি। ফলে খেলা মাঠে গড়ায় অনেক দেড়িতে। নেমে আসে তা ৭ ওভারে। তার আগে নিলাকশি ডি সিলভা সর্বোচ্চ ২৮ রান করেন। ইনিংসটি ৩১ বলে দুই চারের সঙ্গে সাজানো ছিল।

বাংলাদেশের হয়ে রুমানা আহমেদ দুটি, জাহানারা-মেঘলা-ফাহিমা প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট। তারপর নামে বৃষ্টি। তাতে ৪২ বলে ৪১ রানের সহজ লক্ষ্য টপকাতে গিয়ে বাংলাদেশ হেরে যায় ৩ রানে। এই হারে নারী এশিয়া কাপের সেমিফাইনালের পথ আরও কঠিন হলো টাইগ্রেসদের।