সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। নিগার সুলতানা ও স্মৃতি মান্ধানাকে টপকে আইসিসির সেরা নারী ক্রিকেটার হয়েছেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর। ছেলেদের ক্রিকেটে মাসের সেরা হয়েছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। তিনজনের সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে ছিলেন ভারতের অক্ষর প্যাটেল ও অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন।
আইসিসি টি–টোয়েন্টি র্যাংকিংয়ে এখন ১ নম্বরে আছেন রিজওয়ান। পাকিস্তানের ডানহাতি এই ব্যাটসম্যান সেপ্টেম্বরজুড়ে ছিলেন দুর্দান্ত ফর্মে। এশিয়া কাপ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ মিলিয়ে ১০ টি–টোয়েন্টিতে ৬৯.১২ গড়ে তোলেন ৫৫৩ রান, যার মধ্যে ফিফটি ছিল ৭টি। রিজওয়ানের সঙ্গে মনোনয়ন পাওয়া অক্ষর সেপ্টেম্বরে ১১.৪৪ গড় ও ওভারপ্রতি ৫.৭২ রান খরচে ৯ উইকেট নিয়েছিলেন।
মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আইসিসির মাসের সেরার মনোনয়ন পেয়েছিলেন নিগার। মান্ধানার দলের অধিনায়ক হারমানপ্রীত টি–টোয়েন্টিতে ভালো না করলেও ৩ ওয়ানডেতে তোলেন ২২১ রান। প্রথম ম্যাচে অপরাজিত ৭৪ রানের ইনিংসের পর দ্বিতীয় ম্যাচে খেলেন অপরাজিত ১৪৩ রানের ইনিংস। তাতেই ২৩ বছর পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয় নিশ্চিত হয় ভারতের।