লঞ্চ থেকে ঝাঁপ ছেলে নিখোঁজ মা উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চঘাটের অদূরে মেঘনা নদীতে চলন্ত লঞ্চ থেকে ঝাঁপ দিয়েছেন মা ও ছেলে। এতে মা জামিরনকে (৪০) জীবিত উদ্ধার করা গেলেও ছেলে নাঈম (২১) নিখোঁজ রয়েছেন।

গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ঢাকাগামী এমভি বায়েজিদ জুনায়েদন্ড১ নামে লঞ্চ থেকে মা ও ছেলে নদীতে ঝাঁপ দেয়। ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নামে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস, মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস, গজারিয়া নৌ-পুলিশ ও কোস্টগার্ড।

গজারিয়া নৌ-ফাঁড়ির এসআই রিয়াজুল জান্নাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লঞ্চটি শরীয়তপুর থেকে যাত্রীবোঝাই করে ঢাকায় যাচ্ছিল। পথে গজারিয়া লঞ্চঘাটের অদূরে মেঘনাবক্ষে লঞ্চের ভেতর পারিবারিক কলহের জের ধরে মা ও ছেলের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে মা জামিরন জেদের বশে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেয়। মায়ের দেখাদেখি ছেলে নাঈমও নদীতে ঝাঁপ দেয়। তাৎক্ষণিকভাবে মাকে জীবিত উদ্ধার করা হয়। তবে ছেলে নাঈম নিখোঁজ রয়েছে। সে সাঁতার জানত না। জামিরনের বাড়ি শরীয়তপুরের সখীপুরে। তার স্বামীর নাম আক্তার হোসেন।