মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্যাদুর্গত অসহায় মানুষদের জন্য বরাদ্দকৃত সরকারি ত্রাণসামগ্রী বাজারে বিক্রি করে দিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. তরিকুল ইসলাম। গত রবিবার সরেজমিনে শ্রীমঙ্গল সেন্ট্রাল রোডের কয়েকটি দোকানে গিয়ে সরকারি ত্রাণের চিঁড়া ও মুড়ি পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকান মালিক জানান, এসব ত্রাণ কিনতে চাননি তিনি। একপ্রকার জোর করে রেখে গেছেন উপজেলা খাদ্যগুদামের লোকজন। বিক্রি হলে টাকা নেবেন বলে জানিয়েছেন তারা।
ওই ব্যবসায়ী আরও বলেন, ‘আমার দোকানে ৯ বস্তা মুড়ি রেখে গেছেন উপজেলা খাদ্যগুদামের লোকেরা। তবে চিঁড়া অন্য দোকানে বিক্রি করেছেন তারা।’
শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. তরিকুল ইসলাম বলেন, ‘বস্তায় কি সরকারি ত্রাণ লিখা আছে? যেসব ত্রাণ বিক্রি করা হয়েছে সেগুলো আমি বালাগঞ্জ উপজেলা থেকে কিনে এনেছি। এগুলো আমার টাকায় কেনা ছিল। নষ্ট হয়ে যাবে বলে আমি তা বিক্রি করে দিয়েছি।’
শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। সরকারি কোনো ত্রাণসামগ্রী বিক্রি করার কোনো নিয়ম নেই। এমন কোনো ঘটনা ঘটে থাকলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেব।’