মন্ত্রিসভা বৈঠক

মিথেন গ্যাস কমাতে বৈশ্বিক অঙ্গীকারে বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতিকর মিথেন গ্যাস নিঃসরণ কমাতে বৈশ্বিক অঙ্গীকারে যাচ্ছে বাংলাদেশ। এ জন্য ‘বৈশ্বিক মিথেন অঙ্গীকার’-এ বাংলাদেশের যোগদানের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ৫০টি দেশ এরই মধ্যে সই করেছে এই অঙ্গীকার।

গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সারা বিশ্বে পরিবেশবিদরা আন্দোলন করছেন। বিশ্বের তাপমাত্রা যেভাবে বেড়ে যাচ্ছে তাতে বিশ্বকে ধ্বংসের কাছাকাছি নিয়ে যেতে পারে। তিনটা সিনারিও তারা চিন্তা করছেন। একটা হলো ৬ ডিগ্রি যদি বাড়ে, তাহলে তো কিছুই করার থাকবে না। ৪ ডিগ্রিও যদি বাড়ে, সে ক্ষেত্রেও প্রায় ৮০ শতাংশ এরিয়া চলে যাবে। আরেকটা সিনারিও তারা বলছে, ২ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা। ২ ডিগ্রি বাড়লেও লো লাইন এরিয়াগুলো সমুদ্রের নিচে চলে যাবে এবং ব্যাপক ন্যাচারাল ডিজাস্টার হবে। এখন তারা চেষ্টা করছেন, ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে রাখা সম্ভব কি না। এ জন্য মিথেন গ্যাস কমাতে হবে বিশ্ব থেকে।

গতকালের বৈঠকে ক্ষতি এড়াতে সরকারিভাবে কোনো পণ্য বিদেশ থেকে আনার আগেই ভ্যাট ও ট্যাক্স পরিশোধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী, সচিবসহ সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, যদি কেউ জিওবি বা নিজস্ব টাকাতে বিদেশ যায়, সে ক্ষেত্রে পিএমও থেকে পারমিশন নিতে হবে। এ ছাড়া বিল পাস করবে না অ্যাকাউন্টস। কিন্তু ফরেন এইডের আন্ডারে যদি যায় বা প্রকিউরমেন্টের বিষয়ে যদি কেউ যায়, ওই ক্ষেত্রে অনুমতি দেওয়া আছে। মেশিনারি কিনলে সেটা চালানোর জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয়। সেটা প্রকিউরমেন্টের সঙ্গে খরচ ধরা থাকে। কেবিনেটের সব বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কিছু কিছু জায়গায় যেমন, পররাষ্ট্র সচিব, ইআরডি সচিব, শিক্ষা সচিব, কৃষি সচিব তারা আন্তর্জাতিক অনেক বড় বড় সংস্থার সদস্য। সেসব ক্ষেত্রে আমাদের কোনো অপশন থাকে না। জিওবির টাকা বা ডলার খরচ করে বিদেশ ভ্রমণে খুবই শক্ত অবস্থানে সরকার। সরকারের বা ফরেন কারেন্সি ব্যবহার করে কেউ যাচ্ছে না। যেটা যাচ্ছে প্রকিউরমেন্টের আন্ডারে বা ফরেন এইডের আন্ডারে।

বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে সরাসরি বিমান চলাচলের জন্য একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।