ডিসি-এসপিদের সঙ্গে সম্পর্ক খারাপের সুযোগ নেই : ইসি

ভোটের মাঠে দায়িত্ব পালন করা মাঠ প্রশাসনের কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেন, সবাই আমরা প্রজাতন্তের কর্মচারী। প্রজাতন্ত্রের দায়িত্বে আছি। সম্পর্ক খারাপ হওয়ার সুযোগ নেই। যা হয়েছে তা এখন অতীত। সেখানেই বিষয়টা সমাধান হয়েছে। এ নিয়ে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই। 

গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি মো. আলমগীর এ সব কথা বলেন।জেলা পরিষদ ও গাইবান্ধা উপ-নির্বাচনসহ দ্বাদশ ভোটেরও মাঠের পরিস্থিতি জানতে দেশের ৬১ জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে গত শনিবার ঢাকায় শনিবার বৈঠক করে সাংবিধানিক এ প্রতিষ্ঠান। সেখানে বিগত ভোট ও জেলা পরিষদ ভোটে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণের বিষয়টি বক্তব্যে তুলে ধরেন ইসি আনিছুর রহমান। তখনই সভাকক্ষে হইচই সৃষ্টি হয়। ডিসি-এসপিদের আপত্তির মুখে সেই কমিশনার বলেন, বক্তব্য শুনতে তারা ইচ্ছুক কি না?  জবাবে মাঠ প্রশাসনের কর্মকর্তারা নেতিবাচক সাড়া দিলে বক্তব্য থামিয়ে ডায়াসে চলে যান তিনি।

ইসি আলমগীর বলেন, যা হয়েছে তা এখন অতীত। সেখানেই বিষয়টা সমাধান হয়েছে। এটা স্যাটেল বিষয়। সফল ভাবে আলোচনা শেষ হয়েছে। আমাদের আলোচনা তারা মন দিয়ে শুনেছেন। ওনারা যে সমস্ত সমস্যার কথা বলেছেন। আমারাও বলেছি এগুলো আমরা আমাদের সীমিত সক্ষমতার মধ্য দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব।

ইসি আলমগীর বলেন, ‘আমাদের এখানে এটা একটা টিম ওয়ার্ক। টিমের নানা রকম সদস্য থাকেন। দ্বিমত থাকে। তারপর বিতর্ক হয়। আলোচনা হয়। এখানে সবাই আমরা দায়িত্ব পালন করতে আসছি। যিনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হবেন তাকে বাদ দেওয়া হবে। আমি হই যেই হোক। কারণ প্রতিষ্ঠান তো থাকবে। লোক চেঞ্জ হতে পারে। প্রতিষ্ঠান তো চেঞ্জ হবে না। কমিশনে আমি যদি আমার রোল প্লে না করতে পারি আমি তো থাকব না।  আমার পরিবর্তে আরেকজন আসবে।