প্রথম দেখায় সফরকারিদের কাছে পাত্তাই পায়নি স্বাগতিকরা। তাতে টানা দুই ম্যাচ জিতে নিয়ে উড়ছিল পাকিস্তান। তবে বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয়ের পর যেন ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। আজ ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় দেখায় বাবর আজমদেরকে ৯ উইকেটে হারানোর দিনে পাত্তাই দেয়নি কিউইরা।
ক্রাইস্টচার্চে পাকিস্তানকে মাত্র ১৩০ রানে আটকে দিয়ে ২৩ বল হাতে রেখেই জিতেছে কেন উইলিয়ামসনের দল। তাদের এই জয়ে বাংলাদেশের ফাইনালে খেলার স্বপ্ন প্রায় ফিকে হয়ে গেছে। তিন ম্যাচে দুই দলেরই সমান ৪ পয়েন্ট। তবে রানরেটে এগিয়ে যাওয়ায় স্বাগতিকরা আছে তালিকার শীর্ষে। দুই ম্যাচে কোনো জয় না পাওয়া বাংলাদেশ আছে তালিকার তলানিতে। বাকি দুই ম্যাচ জিতলেও রানরেটে পিছিয়ে থাকায় ফাইনালে ওঠার আশা প্রায় নেই বললেই চলে।
১৩১ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে গেছে নিউজিল্যান্ড। ১১৭ রানের উদ্বোধনী জুটিতেই জয় নিশ্চিত করে ফেলেন ফিন অ্যালেন আর ডেভন কনওয়ে।
৩০ বলে ফিফটি করা অ্যালেন স্টাম্পিং হন শাদাব খানের বলে। ৪২ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংসে ১টি চারের সঙ্গে ৬টি ছক্কা হাঁকান তিনি। ৪৬ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন কনওয়ে। ৯ বলে ৯ রান নিয়ে তার সঙ্গে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন দলপতি উইলিয়ামসন।
এর আগে ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটে ১৩০ রানেই থেমে গিয়েছিল পাকিস্তানের ইনিংস। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ রিজওয়ান ইনিংস বড় করতে পারেননি (১৭ বলে ১৬)। তবে বাবর আর শান মাসুদ জুটি গড়ার পথেই ছিলেন।
অষ্টম ওভারে ১ উইকেটে ৫৪ রান ছিল পাকিস্তানের। সেখান থেকে আর ২৩ রান তুলতে আরও ৪ উইকেট হারিয়ে বসে আনপ্রেডিক্টেবলরা। অল্প সময়ের মধ্যে ফিরে গেলে চাপে পড়ে পাকিস্তান। তবে মাঝের ধাক্কা সামলে দলকে লড়াকু পুঁজি এনে দিতে পারেননি তারা। ২৭ বলে ৩ বাউন্ডারিতে ২৭ করে আউট হন ইফতিখার। আসিফ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২০ বলে ৩ বাউন্ডারিতে ২৫ রানে। নিউজিল্যান্ডের টিম সাউদি, মিচেল স্যান্টনার আর মাইকেল ব্রেসওয়েল নেন দুটি করে উইকেট।