মোংলায় দেড় হাজার লিটার ডিজেলসহ ট্রলার জব্দ, আটক ১

মোংলায় বিদেশি জাহাজ থেকে পাচার হওয়া জ্বালানি তেল বোঝাই একটি ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড ও পুলিশ। এ সময় আটক করা হয়েছে তেল পাচারকারী চক্রের এক সদস্যকে।

সোমবার (১০ অক্টোবর) রাত ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক মোংলা-ঘাষিয়াখালী নৌ ক্যানেলের মাদ্রাসা রোড সংলগ্ন এলাকা থেকে ট্রলারটি জব্দ করা হয়।

তেল পাচারকারী চক্রের সদস্য রিয়াজ হাওলাদার (২২) উপজেলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারী এলাকার মামাভাগ্নের মোড়ের বাসিন্দা এনামুল হাওলাদারের ছেলে। 

এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে মামলা ও জব্দকৃত ট্রলারসহ চোরাইকৃত তেল এবং গ্রেফতারকৃতকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, স্থানীয় গোয়েন্দা বিভাগের দেয়া তথ্যমতে সোমবার রাতে মাদ্রাসা রোড সংলগ্ন বঙ্গবন্ধু ক্যানেল থেকে চোরাই তেল ও ট্রলারসহ এক চোরাকারবারীকে আটক করা হয়। এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে মামলা দায়ের ও জব্দকৃত মালামালসহ আটককৃতকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।