মুক্তিযুদ্ধের চেতনার শত্রু হচ্ছে বিএনপি: পরশ

মুক্তিযুদ্ধের চেতনার শত্রু হচ্ছে বিএনপি বলে মন্তব্য করে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি জনগণের কাছে ভোট চাইতে ভয় পায়, তাই বিদেশি শক্তির ওপর ভর করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর। তাদের নেতা তারেক রহমানের নির্দেশ অনুযায়ী তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে অবতীর্ণ হয়েছে। 

মঙ্গলবার (১১ অক্টোবর) হবিগঞ্জ জেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রকৃতপক্ষে বিএনপির রাজনীতি হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি, গুজব রটানো এবং ক্রমাগত মিথ্যাচার করা। কেউ সহিংসতা করলে আমরাও শক্তি প্রয়োগে বাধ্য হব। 

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনার শত্রু হচ্ছে বিএনপি। মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণ ও উন্নয়ন অব্যাহত রাখতে শুধু কর্মী ও দলবান্ধব নয় জনবান্ধব যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে হবে।

আট বছর পর অনুষ্ঠিত জেলা যুবলীগের এ সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম। সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর সঞ্চালনায়  সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি, অ্যাডভোকেট আবু জাহির এমপি, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, গাজী মো.শাহনওয়াজ এমপি, সাবেক মহিলা এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন আমন্ত্রিত অতিথি ছিলেন।