বিভাগীয় সমাবেশে জনগণের অভ্যুত্থান হবে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগামীকাল (আজ) থেকে বিভাগীয় সমাবেশ শুরু হচ্ছে। আমাদের প্রত্যাশা জনগণের একটা অভ্যুত্থান হবে। এ সমাবেশগুলোর মধ্য দিয়ে জনগণকে সম্পৃক্ত করা হবে। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়েই আমরা এ সরকারের পতন ঘটাব।’

গতকাল মঙ্গলবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের একাংশ ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে একমত হয়েছি, সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করব এবং তাদের পদত্যাগে বাধ্য করব।’

তিনি বলেন, ‘সংলাপে আমরা যেসব বিষয় নিয়ে ঐকমত্যে এসেছি সেগুলো হলো খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ রাজনৈতিক কারণে যে ৩৫ লাখ মানুষের নামে মামলা সেই মামলাগুলো প্রত্যাহার। সর্বোপরি যেটা প্রধান, এ অনির্বাচিত সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার অথবা অন্তর্বর্তীকালীন দলনিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এবং সেই নিরপেক্ষ সরকার একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট গঠন করা হবে। সেই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, জ¦ালানি তেলের মূল্যবৃদ্ধি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি প্রতিরোধ, বিচার বিভাগের স্বাধীনতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষভাবে কাজ করার বিষয়গুলো।’

পরে ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মাওলানা আবদুর রকিব বলেন, ‘বিএনপি যেসব দাবির কথা উল্লেখ করেছে তার সবগুলোর সঙ্গে আমরা একমত।’

বিএনপিদলীয় সংসদ সদস্যরা সংসদ থেকে পদত্যাগ করবেন কি না এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘যখন আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে তখন আপনাদের সামনে আসব, তখন দেখতে পাবেন।’

সংলাপে বিএনপির পক্ষে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মাওলানা আবদুর রকিবসহ তার দলের সাধারণ সম্পাদক আবদুল করিম খান, সহসভাপতি সৈয়দ মোহাম্মদ আহসান, যুগ্ম সম্পাদক সামছুল হক, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান রোকন, প্রচার সম্পাদক আনওয়ার আনসারী, নরসিংদী জেলা সভাপতি নাসির উদ্দীন, কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক ইলিয়াস রেজা, সদস্য আবদুল কাদির, মজিবুর রহমান এবং ডেমোক্রেটিক লীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক মেহতাজ আহসান, প্রচার সম্পাদক কাউসার আলী, তথ্য ও গবেষণা সম্পাদক ইয়াহিয়া মুন্না, দপ্তর সম্পাদক মোহাম্মদ আল আমিন সংলাপে অংশ নেন।