স্কুলে জন্মদিন পালন

যুবলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনওর চিঠি

জন্মদিন পালনের নামে স্কুলে মাদকের আসর বসিয়ে ডিজে পার্টি করা হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মমিনুর রহমান সজিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠিয়েছেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। যুবলীগ নেতা সজিব একজন জনপ্রতিনিধি হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে ইউএনও ওই চিঠি পাঠিয়েছেন।

জানা গেছে, স্কুলে মাদকের আসর বসিয়ে যুবলীগ নেতার জন্মদিন পালনের বিষয়ে দৈনিক দেশ রূপান্তরসহ স্থানীয় কয়েকটি দৈনিকে গত ৬ অক্টোবর প্রতিবেদন প্রকাশ হয়। পরে ওই দিনই ইউএনও সুলতানা সালেহা সুমি জেলা প্রশাসক ইশরাত জাহানের কাছে যুবলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি চিঠি পাঠান। যাতে বলা হয়, ‘ভাইস চেয়ারম্যান সজিব তার জন্মদিন পালনের জন্য গত ৫ অক্টোবর সন্ধ্যায় আজমিরীগঞ্জ এবিসি সরকারি হাইস্কুলের হলরুমে কেককাটাসহ ডিজে কনসার্টের আয়োজন করেন। এ সময় নারী-পুরুষ শিল্পীর মাধ্যমে রাতভর কনসার্ট চলতে থাকে। শিক্ষাপ্রতিষ্ঠানের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে ব্যক্তির উদ্যোগে এহেন আয়োজন শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজসহ সাধারণ জনগণের মধ্যে সমালোচনার ঝড় বইছে।’

চিঠিতে আরও বলা হয়, ‘কোনো অনুমতি ছাড়া সরকারি প্রতিষ্ঠানে ডিজে কনসার্ট আয়োজন করে সজিব বিধি লঙ্ঘন ও অসাধাচরণমূলক কাজ করেছেন।’ তাই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসককে অনুরোধ করেন।

যুবলীগ নেতা সজিব যে বিদ্যালয়ে তার জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করেন সেটির পরিচালনা পর্ষদের সভাপতি ইউএনও সুলতানা সালেহা সুমি। তিনি বর্তমানে প্রশিক্ষণের জন্য দেশের বাইরে অবস্থান করছেন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন আজমিরীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম। তিনি যুবলীগ নেতার সজিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসির কাছে ইউএনও’র চিঠি পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক ইশরাত জাহান দেশ রূপান্তরকে বলেন, ‘ইউএনও’র চিঠি পাওয়ার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাদিকুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বিষয়টি তদন্ত করার জন্য। প্রতিবেদন পেলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, স্কুলে মাদকের আসর বসিয়ে যুবলীগ নেতা সজিবের জন্মদিন উদ্যাপনের বিষয়ে ‘স্কুলে মাদকের আসর বসিয়ে যুবলীগ নেতার জন্মদিন পালন’ শিরোনামে গত ৬ অক্টোবর দেশ রূপান্তরে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল।