বৃহস্পতিবার সকাল সকাল কুঁদঘাট এলাকার বাবুরাম ঘোষ রোডে বাংলা ছবির প্রযোজনা সংস্থা এসকে মুভিজের গোডাউনে আগুন লাগে। সম্পূর্ণ ভস্মীভূত হয় গোডাউনটি। আগুনের তাপে দাহ্য পদার্থে ঠাসা গোডাউনের দেয়ালে ফাটল ধরেছে বলে জানা গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
সকাল সকাল এমন খবর পেয়ে মন খারাপ টলিউডের শিল্পীদের। সোশাল মিডিয়ায় গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা।
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লেখেন, 'আমি হতবাক। এমন এক বিধ্বংসী খবর দিয়ে শুরু। এই স্টুডিওয় কত মিটিং, কত লুক সেট হয়েছে, কত কত স্মৃতি। পাশে আছি।' অন্যদিকে, পরিচালক রিংগো ঘটনার ভিডিও পোস্ট করে লিখলেন, 'খুবই দুঃখের খবর। বাংলা সিনেমার জন্য খুব বড় ক্ষতি।' পরিচালক অয়ন চক্রবর্তী লিখেছেন, 'কুঁদঘাটে এসকে মুভিজের ইকুইপমেন্ট গোডাউনে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে ফায়ার সার্ভীসের একাধিক ইউনিট। গোটা বাংলা চলচ্চিত্র ওয়েবসিরিজ সিরিয়াল ছোট ছবি তথ্যচিত্র ইন্ডাস্ট্রিকে ইকুইপমেন্ট সরবরাহ করে এসকে। এই বিপর্যয় থেকে এসকে উঠে দাঁড়াক। হিমাংশু ধানুকা, অশোক ধানুকা ও অসংখ্য টেকনিশিয়ানের পাশে আছি।'
প্রযোজক সংস্থার কর্ণধার অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে তাদের ফোনে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টা নাগাদ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এলাকার বাসিন্দারা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভীসে খবর দেয়। ততক্ষণে কালো ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। প্রাথমিকভাবে ফায়ার সার্ভসের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে। দাহ্য পদার্থ ঠাসা ওই গোডাউনের কাছে রয়েছে একটি আবাসন। আতঙ্কে আবাসন থেকে বাসিন্দারা রাস্তায় বেরিয়ে পড়েন। তবে বড়সড় বিপদের আশঙ্কায় এর মধ্যে আশপাশ থেকে স্থানীয় বাসিন্দাদের সরানো হয়েছে।
আপাতত আগুন যাতে ওই আবাসন ও আশপাশের বসতি বা কোথাও ছড়িয়ে না পড়ে, সে চেষ্টা করছে ফায়ার সার্ভস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫টি ইউনিট গিয়েছে ঘটনাস্থলে। এখনো আরো কয়েকটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, স্থানীয় মানুষ আমাকে ফোন করে। খবর পেয়ে আসি। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসও আপ্রাণ চেষ্টা করছে। এখনো কিছুটা এলাকায় আগুন রয়েছে। তিনি আরো জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক ফায়ার সার্ভিস কর্মী আহত হন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র : সংবাদ প্রতিদিন