নির্ধারিত দামে সয়াবিন বিক্রির নির্দেশ

গত ৩ অক্টোবর বোতলজাত সয়াবিনের দাম ১৭৮ টাকা নির্ধারণ করেছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। কিন্তু খুচরা ব্যবসায়ীরা এই দামে ভোজ্যতেল বিক্রি করছেন না। ফলে আগের দামেই কিনতে হচ্ছে ভোক্তাদের। বিষয়টি নজরে এসেছে বাণিজ্য মন্ত্রণালয়ের। এখন থেকে নির্ধারিত দামে সয়াবিন বিক্রির নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে সংশ্লিষ্টদের এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

নির্দেশনায় বলা হয়, গত ৩ অক্টোবর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বোতলজাত এক লিটার তেলের দাম নির্ধারণ করে ১৭৮ টাকা। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। এছাড়া বোতলজাত পাঁচ লিটারের দাম হবে ৮৮০ টাকা এবং খোলা সয়াবিনের প্রতি লিটার ১৫৮ টাকা। এর আগে যা ছিল যথাক্রমে ১৯২ টাকা, ৯৪৫ টাকা এবং ১৭৫ টাকা।

এর আগে গত ৩ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের চিঠিতে উল্লেখ করা হয়, ভোজ্যতেল মালিক সমিতির সদস্যরা বর্তমানে ডলারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং এলসি খোলার জটিলতার বিষয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং প্রধানমন্ত্রীর সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনের নেতারা।  সভায় উপস্থিত ছিলেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল এবং টি.কে গ্রুপের এমডি মোস্তফা হায়দার। সভায় ডলারের মূল্যবৃদ্ধি এবং এলসি খোলার জটিলতার বিষয়ে বিস্তারিত আলাপ-আলোচনা শেষে এবং ভোক্তাদের সুবিধার্থে সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে পুনর্নির্ধারণ করা হয়।

এদিকে দুই সপ্তাহের ব্যবধানে গত ৬ অক্টোবর পাম তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়েছে সরকার। নতুন দাম অনুযায়ী, পাম সুপার খোলা তেল প্রতি লিটার সর্বোচ্চ খুচরা মূল্য ১২৫ টাকা, প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি ৯০ টাকা এবং পরিশোধিত প্যাকেটজাত চিনির দাম ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি ৮৪ টাকা ও পরিশোধিত প্যাকেটজাত খোলা চিনির দাম ৮৯ টাকা নির্ধারণ করে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। একই দিন পাম সুপার খোলা তেল প্রতি লিটার সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৩ টাকা নির্ধারণ করা হয়।