রওশনের সম্মেলন প্রস্তুতি কমিটিতে বাদ পড়া রাঙ্গা

জাতীয় পার্টির (জাপা) সব পদ থেকে অব্যাহতি পাওয়া মশিউর রহমান রাঙ্গা এবার প্রকাশ্যে রওশন এরশাদের সঙ্গে যুক্ত হলেন। গতকাল বৃহস্পতিবার তাকে রওশন এরশাদের গঠন করা জাপার জাতীয় সম্মেলনে প্রস্তুতি কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর এ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন রওশন এরশাদ।

গতকাল জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও সম্মেলন প্রস্তুতি কমিটির প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথা জানানো হয়। তবে এ ব্যাপারে কথা বলার জন্য মশিউর রহমান রাঙ্গাকে ফোনে পাওয়া যায়নি।গতকাল রাতে তাকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির আসন্ন ২৬ নভেম্বরের জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটিতে দলের সাবেক মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ, রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের এমপি মশিউর রহমান রাঙ্গাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহর সুপারিশে পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ তার (মশিউর রহমান রাঙ্গা) অন্তর্ভুক্তিপত্রে সই করেন।

গত ১৪ সেপ্টেম্বর রাঙ্গাকে প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। সংগঠনবিরোধী কর্মকা-ের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। পরদিন এক সংবাদ সম্মেলন করে জাপায় ফিরতে চান রাঙ্গা ও সব পদ থেকে অব্যাহতিপত্র প্রত্যাহারের আবেদন জানান। কিন্তু গতকাল পর্যন্ত এ ব্যাপারে জাপা চেয়ারম্যান কোনো সিদ্ধান্ত নেননি। এমন অবস্থায় রওশন এরশাদের ডাকা সম্মেলনের প্রস্তুতি কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার তথ্য এলো।

পরিবহন মালিক সমিতির নেতা রাঙ্গা বর্তমানে রংপুর-১ আসনে জাপার সংসদ সদস্য। ২০১৪ সালে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৮ সালে রাঙ্গাকে দলের মহাসচিব করেছিলেন জাপার চেয়ারম্যান এইচএম এরশাদ। পরের বছর তাকে সংসদে বিরোধী দলের প্রধান হুইপ করা হয়।

এ ছাড়া পৃথক এক নির্দেশনায় সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহর সুপারিশে সম্মেলন প্রস্তুত কমিটির কেন্দ্রীয় সদস্য ও পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীরকে পদন্নোতি দিয়ে যুগ্ম আহ্বায়ক করেছেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

আরও একই নির্দেশনায় আরও ১৭ জনকে সম্মেলন প্রস্তুত কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব প্রদানের জন্য সুপারিশপত্রে স্বাক্ষর করেছেন রওশন এরশাদ। সদস্য হিসেবে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা হলেন আবদুর রউফ মানিক (রংপুর), অ্যাডভোকেট মাহবুবুল আলম বাচ্চু (যশোর), অ্যাডভোকেট আকরাম হোসেন (যশোর), সৈয়দ অহিদুল ইসলাম তরুণ (নড়াইল), খন্দকার মনিরুজ্জামান টিটু (ফরিদপুর), অ্যাডভোকেট শোয়েব আহমেদ (সিলেট), শাহ আশরাফুল আলম শামীম, আবদুল আজিজ চৌধুরী, শাহ জামাল রানা (ব্রাহ্মণবাড়িয়া), আবদুল ওয়াদুদ চৌধুরী মঞ্জু (নোয়াখালী), মোল্লাহ শওকত হোসেন বাবুল (খুলনা), অ্যাডভোকেট এসএম মাসুদুর রহমান (খুলনা), মুজিবুর রহমান ডালিম (সিলেট), মির্জা ইকবাল কবীর (কিশোরগঞ্জ), শারমিন পারভিন লিজা (ঢাকা), তাহেরা মোশারফ শুভা ও সালামত আলী বাচ্চু।

এসব আদেশ এরই মধ্যে কার্যকর করা হয়েছে বলে প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতি চলছে। সারা দেশে তৃণমূল নেতাকর্মীরা জেগে উঠেছে পল্লীবন্ধুর আদর্শিক উত্তরসূরি খুঁজে পেতে। বহিষ্কার-অব্যাহতি এবং অভিমান ও দ্বন্দ্ব ভুলে গিয়ে নতুন নেতৃত্বের প্রত্যাশায় দেশজুড়ে চলছে সম্মেলন প্রস্তুত কমিটির জোরালো কর্মতৎপরতা। এরই মধ্যে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে রাজধানী ঢাকাসহ সারা দেশ।

অধিবেশনের আগেই দেশে ফিরছেন রওশন : সংসদের বিরোধীদলীয় নেতা ও জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ আগামী সংসদ অধিবেশনের আগেই দেশে ফিরছেন।

জাপার রওশনপন্থি নেতারা বলেছেন, রওশন এরশাদের চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে ফেরার কথাও থাকলে চিকিৎসকদের অনুমতি না থাকায় তা হচ্ছে না। তিনি ২৪-২৮ অক্টোবরের মধ্যেই দেশে ফিরবেন।

এ ব্যাপারে রওশন এরশাদের ডাকা জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কাজী মামুনুর রশীদ বলেন, রওশন এরশাদ ৩০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে যোগ দেবেন।