রাজধানীর গুলশানে একটি ভবনে আগুন লাগার পর ধোঁয়ায় অসুস্থ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গত বুধবার মধ্যরাতের ওই অগ্নিকাণ্ডে অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তারা মারা যান। নিহতরা হলেন মো. ওবায়দুল হক (৭২) ও জাহানারা বেগম (৬৮)।
গুলশান থানার এসআই মো. কাইজুল হক জানান, বুধবার মধ্যরাতে গুলশান-১-এর ৭ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে আগুন লাগে। এ সময় নিজেদের শয়নকক্ষে থাকা স্বামী-স্ত্রী ধোঁয়ায় অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে গুলশান-২ নম্বরের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই এ দম্পতির মৃত্যু হয়। তাদের শরীরে অগ্নিদগ্ধ হওয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, বুধবার রাত ২টা ৫৫ মিনিটে বাসাটিতে আগুন লাগে বলে তারা খবর পান। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর বাসাটির বেডরুম থেকে অচেতন অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. মাইনুদ্দিন নিহত দম্পতির মরদেহের ময়নাতদন্ত করেন। এরপর তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।