ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে এসে যুবকের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল খেলা দেখতে এসে বিদ্যালয়ের টিনের ছাউনি ভেঙে পড়ে খোরশেদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে পাঁচবিব উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ফুটবল খেলা শুরু হওয়ার পরপরই এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোরশেদ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রামপুরা রানীপুকুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।  এ ঘটনায় আহত অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, জয়পুরহাটের পাঁচবিবি শেখ রাসেল স্টেডিয়ামে হবিগঞ্জ জেলার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির ফুটবল প্রীতি ম্যাচ বিকেলে শুরু হয়। খেলা দেখতে আসে হাজার হাজার মানুষ। এসময় ফুটবলপ্রেমীরা স্টেডিয়াম সংলগ্ন সমীরননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টিনের চালার ওঠে। এমন সময় টিনের চালা ভেঙে নিচে পড়ে গিয়ে কয়েকজন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে নিলে খোরশেদ আলম নামে এক যুবকের মৃত্যু হয়। আহত কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জয়পুরহাট আধুনিক জেলা  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব।