বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ও এইচএসসি পরীক্ষার্থীসহ চারজন প্রাণ হারিয়েছে। এরমধ্যে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়া সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নিহত হয়েছেন। দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রাস্তা পারাপারের সময় ড্রামট্রাকের চাপায় এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়।
গতকাল বেলা ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হারুয়া এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। এর আগে ভোররাতে টাঙ্গাইলের সখীপুরে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় তার চালক নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
ট্রাকচাপায় সাবেক স্কুলশিক্ষক নিহত: বগুড়া সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তার নাম ইউনুছ আলী (৭৫)। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে কুতুবপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি কুতুবপুর ইউপির কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ছিলেন।
জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ইউনুছ আলী বাইসাইকেলযোগে দেবডাঙ্গা বাজার থেকে কুতুবপুর বাজারের দিকে যাচ্ছিলেন। বেলা ১১টায় কুতুবপুর তালতলা এলাকায় সামনের দিক হতে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ চক্রবর্তী জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কর্ণফুলীতে এইচএসসি পরীক্ষার্থী নিহত : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রাস্তা পারাপারের সময় ড্রাম ট্রাকের চাপায় এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। তার নাম অর্পণ বড়ুয়া (২৫)। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। অর্পণ বড়ুয়া পটিয়া উপজেলার কেলিশহর এলাকার মৃত জাপান বড়ুয়ার ছেলে। সে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ময়মনসিংহে বৃদ্ধ নিহত : ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হারুয়া এলাকায় সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। তার নাম আবদুল মান্নান চকদার (৭৫)। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া গ্রামে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে বাড়ির সামনে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
ঈশ্বরগঞ্জ থানার ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, দুর্ঘটনাটি নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, চালক নিহত : টাঙ্গাইলের সখীপুরে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় চালক নিহত হয়েছে। তার নাম শাহীন মিয়া (২২)। গতকাল শুক্রবার ভোর ৩টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের সাবেদের চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি সখীপুর পৌর এলাকার ৮ নং ওয়ার্ড (মিলপাড়) এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় ছানোয়ার হোসেন নামে আরেকজন আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, সখীপুরগামী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। ফলে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক শাহীন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ছানোয়ারকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মতিঝিলে বাসের ধাক্কা, আহত ৫ : রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকায় বিআরটিসি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও ৪ যাত্রী আহত হয়েছেন।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল বকচত্বরে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেনÑ রাশেদা বেগম (৫০), তার মেয়ে লিমা আক্তার (২০), লিমার ছেলে জিসান (৫), লিমার খালাতো বোন খাদিজা আক্তার (২২) ও সিএনজি অটোরিকশাচালক রাজিব (৩৭)।
আহত লিমা জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার শৈলজানি গ্রামে। বর্তমানে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে থাকেন। সকালে গ্রাম থেকে ট্রেনযোগে ঢাকার কমলাপুরে নামেন। সেখান থেকে অটোরিকশায় করে কেরানীগঞ্জের বাসায় ফিরছিলেন। মতিঝিল এলে একটি বাসের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত পাঁচজনের মধ্যে সিএনজি অটোরিকশাচালকের অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।