বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ইস্টার্ন রিফাইনারি

বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। রিফাইনারির তেলের পাইপে আগুন লাগার দেড় ঘণ্টার মধ্যেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

গতকাল শনিবার বেলা ১১টা ২৫ মিনিটে এ আগুন লাগে। ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

তবে কীভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত ছাড়া বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইস্টার্ন রিফাইনারির ট্যাংক ফার্ম এলাকার মিটারিং সেকশনের পাশে একটি পাইপলাইনে আগুন ধরে যায়। এ সময় সেখানে থাকা মো. আকতার, মামুন, আবদুর রহমান ও সাইফুল নামে রিফাইনারির চার কর্মচারী আহত হন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ দেশ রূপান্তরকে বলেন, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের মিটাারিং সেকশনের তেলের পাইপলাইনে আগুন লাগে। খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর, কর্ণফুলী ও ইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৮টি গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। যে কারণে আগুন বড় আকারে রূপ নিতে পারেনি। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর বেলা পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করেছে ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) রায়হান আহমেদকে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে আগুন লাগার বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে পারব।’

প্রসঙ্গত, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার। আমদানি করা অপরিশোধিত জ¦ালানি তেল পরিশোধন করে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে চুক্তির আওতায় তারা এ কাজটি করে থাকে। একই সঙ্গে বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানগুলোর কাছে বিপণন ও বিতরণের জন্য হস্তান্তর করে থাকে।