নাটোরে রেল কর্মচারীদের ধর্মঘট, ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

নাটোরে বেতন-ভাতা বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলের তৃতীয় শ্রেণির কর্মচারীদের ধর্মঘটে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধের দুই ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

রোববার (১৬ অক্টোবর) সকাল ৯টা ৩৫ মিনিটে নাটোর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটির উদ্দেশে ছেড়ে যায়।

নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার মোছা. কামরুন নাহার জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশন থেকে ৭টা ৩৫ মিনিটে ছেড়ে আসে। কিন্তু রেলওয়ে কর্মচারীরা বেতন ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ভোর ৬টা থেকে ধর্মঘটের কারণে ডাউন না দেওয়ায় ট্রেন আমরা রিসিভ করতে পারিনি। ৭টা ৪৫ মিনিটের তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ৩০ মিনিটে নাটোর রেল স্টেশনে এসে পৌঁছায়।

বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।