চট্টগ্রামে বাংলালিংক নেটওয়ার্ক কাভারেজ ৫০ শতাংশ বেড়েছে

চট্টগ্রাম বিভাগে নেটওয়ার্ক কাভারেজ এক বছরে ৫০ শতাংশ বৃদ্ধি করেছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে অপারেটরটি। এছাড়া চট্টগ্রামে টাইম ডিভিশন ডুপ্লেক্স (টিডিডি) প্রযুক্তির মাধ্যমে বাংলালিংকের ২.৩ গিগাহার্জ ব্যান্ডের নতুন স্পেকট্রামের ব্যবহারও শুরু হয়েছে। প্রযুক্তিগত উন্নয়নের ফলে এই অঞ্চলের বাংলালিংক গ্রাহকরা এখন দ্বিগুণ গতির মোবাইল ইন্টারনেট উপভোগ করতে পারবেন। গতকাল চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগ্লু এই ঘোষণা দেন।

প্রেস কনফারেন্সে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথি ও বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলালিংকের সিইও এরিক অসসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত নয় মাসে সারা দেশে বাংলালিংকের ৩ হাজার ২০০টিরও বেশি বেইজ ট্রান্সসিভার স্টেশন স্থাপন করা হয়েছে। এছাড়া গত মাসে দেশের প্রথম অপারেটর হিসেবে ২.৩ গিগাহার্জ ব্যান্ডের নতুন তরঙ্গ দিয়ে ও টাইম ডিভিশন ডুপ্লেক্স (টিডিডি) প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যৎ প্রজন্মের ফোরজি চালু করেছে বাংলালিংক।  

প্রযুক্তিগত উন্নয়নের ফলস্বরূপ বাংলালিংক এই বছরের দ্বিতীয় প্রান্তিকে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে। সম্প্রতি টানা তৃতীয় বছরের মতো দেশের সর্বোচ্চ গতির মোবাইল নেটওয়ার্ক হিসেবে ওকলা-এর স্বীকৃতিও পেয়েছে প্রতিষ্ঠানটি।  

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আমরা গত কয়েক বছরে চট্টগ্রামে যে প্রযুক্তি অবকাঠামো গড়ে তুলেছি, সেটিকে এই ধরনের উদ্যোগ আরও মজবুত করবে। বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, দেশের সব প্রান্তে আধুনিক ডিজিটাল অবকাঠামো নিশ্চিত করার জন্য সরকারের যে লক্ষ্য, সেটির সঙ্গে বাংলালিংকের এই প্রচেষ্টা সামঞ্জস্যপূর্ণ।

ভিওনের প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগ্লু বলেন, ‘ভিওন ইতিমধ্যে বাংলাদেশে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রবৃদ্ধির এই ধারা বজায় রাখতে চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে আমাদের নেটওয়ার্কে বিপুল বিনিয়োগ করা হচ্ছে। আমাদের চলমান প্রচেষ্টা বাংলালিংকের সেবার মান আরও উন্নত করে ইতিবাচক ফলাফল বয়ে আনবে বলে আমি মনে করি।’