ট্রেন ভ্রমণে সতর্কতা

চাঁদপুর রেলওয়ে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

চাঁদপুর রেলওয়ে স্টেশনে মাদকদ্রব্য ও ছিনতাই, ট্রেন ভ্রমণে অজ্ঞান পার্টি ও মলম পার্টি হতে সতর্ক হওয়ার জন্য, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, টিকিট কালোবাজারি, ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধে সতর্ক হওয়ার বিষয়ে ওপেন হাউস ডে সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ অক্টোবর) চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জের সভাপতিত্বে ওপেন হাউস ডে সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলাম, ৭, ৮, ৯ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ। এছাড়াও সভায় ব্যবসায়ী, সাংবাদিক, আরএনবি, রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রেলওয়ে পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন। 

পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, নিজের আশপাশে ব্যক্তির গতিবিধি লক্ষ্য রাখতে, সন্দেহজনক মনে হলে বা অবৈধ মালামাল বহন করলে রেলওয়ে পুলিশকে অবহিত করুন। ট্রেনে ভ্রমণরত অবস্থায় অজ্ঞান পার্টি ও মলম পার্টি হতে রক্ষার জন্য অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো খাবার বা পানীয় বা কোনো কিছু না খাবেন না। অসংগতভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় ট্রেনের ছাঁদে, বাম্পারে ও ইঞ্জিনে আরোহণ করা থেকে বিরত থাকুন।

তিনি বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ না করতে, ট্রেন স্টেশনে সম্পূর্ণ থামার পর সতর্কতার সঙ্গে ওঠা-নামা করতে, নিজ নিজ ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখতে, টিকিট কালোবাজারিদের হতে টিকিট ক্রয় না করতে, টিকিট কালোবাজারিদের ধরিয়ে দিতে, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কারিকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করতে, দুষ্কৃতকারী কর্তৃক নিক্ষিপ্ত পাথরের আঘাত হতে নিজেকে রক্ষার জন্য ট্রেনের জানালা বন্ধ রাখতে সকলকে অনুরোধ করেন। 

অনুষ্ঠানে এলাকার স্থানীয়দের পাথর নিক্ষেপের কুফল, ভয়াবহতা, শাস্তি সংক্রান্তে অবহিত করা হয়। সর্বোপরি মাদকদ্রব্য ও ছিনতাই বন্ধে মাদক কারবারি ও ছিনতাইকারীদের ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা প্রদানের জন্য প্রধান অতিথি মহোদয় সকলের সহযোগিতা কামনা করেন।