পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার পুরোটাই বোনাস। জেএমআই সিরিঞ্জের কোম্পানি সচিব মুহাম্মদ তারেক হোসেইন খান দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।
মূলত পরিশোধিত মূলধন বাড়াতে কোম্পানিটি বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে বলে জানান তারেক হোসেইন। এসইসির নির্দেশনা অনুযায়ী কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়াতে লভ্যাংশ হিসেবে বোনাসের ঘোষণা দিয়েছে বলে জানান তিনি।
তালিকাভুক্ত যেসব কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার নিচে রয়েছে সেসব কোম্পানিকে মূলধন ন্যূনতম ৩০ কোটি টাকায় উন্নীত করতে গত বছর নির্দেশনা দেয় নিয়ন্ত্রক সংস্থা এসইসি। এরই ধারাবাহিকতায় কিছু কোম্পানি বিভিন্ন পদ্ধতিতে পরিশোধিত মূলধন বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে।
বর্তমানে জেএমআই সিরিঞ্জের পরিশোধিত মূলধন রয়েছে ২২ কোটি ১০ লাখ টাকা। বোনাস লভ্যাংশের পর পরিশোধিত মূলধন বেড়ে ৩০ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত হবে।
তারেক হোসেইন জানিয়েছেন, ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে জেএমআই সিরিঞ্জের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৫৫ পয়সা, যা আগের বছরে ছিল ৪ টাকা ৩ পয়সা। সর্বশেষ হিসাব বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৪ টাকা ২৫ পয়সা। আগামী ২১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ নভেম্বর।