যশোরের ঝিকরগাছা থেকে একটি সিগারেট কোম্পানির চুরি যাওয়া ১৯ লক্ষাধিক টাকার সন্ধান মিলেছে মনিরামপুর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে। মনিরামপুরের রোহিতা ইউনিয়নের স্মরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে বিদ্যালয়ে এসে পড়ে থাকা একটি ব্যাগের মধ্যে টাকা দেখতে পেয়ে শিক্ষকদের জানায়। এরপর মনিরামপুর থানা পুলিশ টাকাগুলো উদ্ধার করলে ঝিকরগাছা পুলিশ এসে সেগুলো নিয়ে যায়।
মনিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, টাকাগুলো শনিবার রাতে ঝিকরগাছায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির অফিসের তালা ভেঙে চুরি হয়। টাকা চুরির ঘটনায় গত রবিবার সকালে প্রতিষ্ঠানের যশোরের এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান ঝিকরগাছা থানায় মামলা করেছেন।
মামলার বিবরণ থেকে পুলিশের এই কর্মকর্তা জানান, ওই সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা পরস্পরের যোগসাজশে শনিবার রাতের কোনো একসময় অফিসকক্ষের তালা ভেঙে টাকাগুলো চুরি করেন। চুরির সঙ্গে জড়িত সন্দেহে চার বিক্রয় প্রতিনিধিকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ।
রোহিতা ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুর রহমান জানান, রবিবার সকাল ৮টার দিকে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসে ব্যাগটি পড়ে থাকতে দেখে শিক্ষকদের জানায়। এরপর বিদ্যালয় থেকে পুলিশে খবর দেওয়া হয়। ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) ওহিদুজ্জামান বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে রবিবার সকালে মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি টাকা ভরা ব্যাগ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যাগের ভেতর থেকে মোট ১৯ লাখ ৫৩ হাজার ৯৮ টাকা ছিল।