ট্রাঙ্ক থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটের রামপালে লেপ-তোষক রাখা ট্রাঙ্ক থেকে নীহারিকা হালদার (৭৫) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রামপাল উপজেলার বেতকাঠা গ্রামে নিজ ঘরে তার মরদেহ পাওয়া যায়। তাকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) তার মরদেহের ময়নাতদন্ত বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।

নীহারিকা হালদার রামপাল উপজেলার বেতকাঠা গ্রামের প্রয়াত ক্ষিতিশ হালদারের স্ত্রী। সন্তানেরা বাইরে থাকায় তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন।

স্থানীয়দের বরাতে বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, নীহারিকা হালদারের এক ছেলে ও তিন মেয়ে। তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে চাকরিজীবী। বৃদ্ধ নীহারিকা একাই বাড়িতে থাকতেন। দু–তিন দিন ধরে প্রতিবেশীরা নীহারিকা হালদারের বাড়িতে তালাবদ্ধ দেখতে পেয়ে তার মেঝো মেয়ে রাধিকা শিকদারকে খবর দেন। রাধিকা এসে স্থানীয়দের সহায়তায় দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় তালাবদ্ধ লেপ-তোষকের ট্রাঙ্ক থেকে দুর্গন্ধ পেয়ে তারা পুলিশে খবর দেয়। পরে রামপাল থানার পুলিশ ট্রাঙ্কের তালা ভেঙে নীহারিকা হালদারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মঙ্গলবার তার মরদেহের ময়নাতদন্ত বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। বৃদ্ধ নীহারিকা বাড়িতে একা থাকার সুযোগে দুর্বৃত্তরা কৌশলে তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। বাড়িতে স্বর্ণালংকার, নগদ টাকা নিতেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ অপরাধীদের শনাক্ত করতে তদন্ত করছে।