দেশের পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা চতুর্থ প্রজন্মের গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শেষ হচ্ছে আজ। ১৬ অক্টোবর থেকে ব্যাংকটির আইপিওর আবেদন শুরু হয়েছিল, যা আজ বিকেল ৫টা পর্যন্ত চলবে।
গত ১৫ জুন আইপিওর মাধ্যমে ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন পায় দ্রুত বর্ধনশীল গ্লোবাল ইসলামী ব্যাংক। আইপিওর ২৫ শতাংশ শেয়ার রাখা হয়েছে প্রবাসীদের জন্য। এ ছাড়া মোট আইপিওর ৬৩ কোটি ৭৫ লাখ টাকা যোগ্য বিনিয়োগকারী, মিউচ্যুয়াল ফান্ড ১৫ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকা আর সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৩৯ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকার শেয়ার বরাদ্দ রাখা হয়েছে। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ এসএমই, সরকারি ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করবে ব্যাংকটি। আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, ২০২১ সালে ব্যাংকটির নিট মুনাফা হয় ১৩১ কোটি ৯৩ লাখ টাকা, যা আগের বছরের চেয়ে ২৮ শতাংশ বেশি। ২০২১ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ২ টাকা ৫৬ পয়সা, যা আগের বছরে ছিল ২ টাকা।