আওয়ামী লীগকে রাজপথের ভয় দেখিয়ে লাভ হবে না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। এ মাস আওয়ামী লীগের, বিএনপির নয়। ১০ ডিসেম্বরের ভয় দেখিয়ে লাভ নেই। বিজয়ের পতাকা হাতে লাখ লাখ মানুষ রাজপথে নামবে। লাখ লাখ মানুষ পতাকা হাতে রাজপথে থাকবে।’
গতকাল বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিচালিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ‘স্বপ্ন ও সম্ভাবনার স্ফুলিঙ্গ-শেখ রাসেল’ শীর্ষক এ সভা হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে খেলবেন? আওয়ামী লীগের সঙ্গে খেলায় পারবেন না। আমরা বঙ্গবন্ধুর সৈনিক।’
ওবায়দুল কাদের বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। আমরাও ডিসেম্বর থেকে পতাকা হাতে রাজপথে থাকব।’
দুর্ভিক্ষ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তার জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতির কথা তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আগামীতে দুর্ভিক্ষের আশঙ্কা আছে। আইএমএফ ও বিশ্বব্যাংক যে পূর্বাভাস দিয়েছে শেখ হাসিনা সেটাই বলেছেন। এখানে অন্যায় কী করেছেন? আর উনি (মির্জা ফখরুল) দেখেছেন বাংলাদেশের দুর্ভিক্ষ।’
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সভাপতিম-লীর সদস্য আবদুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন ও আনিসুর রহমান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবদুল হালিম। সঞ্চালনা করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী।
সভায় শেখ রাসেলের নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি, দরিদ্র তহবিলে বিশেষ অনুদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।